শিরোনাম

তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
মোহাম্মদ তাজুল ইসলাম ও মো. আমিনুল ইসলাম। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।

নতুন এই নিয়োগের বিষয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার বিষয়ে জোর গুঞ্জন চলছিল।

তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত
তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

আইসিটির খবর কাভার করা ঢাকাভিত্তিক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও ফেসবুকে তাজুলকে সরে যেতে হচ্ছে বলে শনিবার মধ্যরাতে পোস্ট দেন। তিনি লেখেন, তার স্থলে আরেকজনকে দায়িত্ব দিতে যাচ্ছে নতুন সরকার।

সূত্রের বরাত দিয়ে বার্গম্যান ফেসবুকে লেখেন, তাজুলের স্থলে আইনজীবী আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে, যিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে দুর্নীতি মামলা পরিচালনকারী আইনজীবী দলের সদস্য ছিলেন।

এদিকে ১২ ফেব্রুয়ারির নির্রাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠিত হওয়ার পর সম্প্রতি ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, তারা (বর্তমান প্রসিকিউশন টিম) না থাকলেও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো চলবে।

তখন তাদের চলে যাওয়ার কথা আছে কিনা– প্রশ্ন করা হলে তিনি তেমন কোনো ইঙ্গিত পাননি বলে জানান।

ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার

জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে।

এরইমধ্যে এ ট্রাইব্যুনাল এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা ও অভিযোগ বিচারাধীন রয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়, যেখানে এখন সেই সরকারের সাবেক মন্ত্রী-এমপিদের বিচার চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে ঢেলে সাজানোর অংশ হিসেবে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান কৌঁসুলির দায়িত্ব পান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের আরও চার আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এই চার প্রসিকিউটর হলেন– মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।

তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন। সেই পদ থেকে তার পদত্যাগ করার খবর এসেছে সংবাদমাধ্যমে।

/এফসি/