ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপালন করছে বিজিবি সদস্যরা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৬ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি মহাপরিচালকে পাঠানো এ-সংক্রান্ত এক চিঠির অনুলিপি চিঠি ইসিতেও পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের ০৩-ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পূর্বনির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে অতিরিক্ত ৯ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন– মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

/এফআর/