নিখোঁজের ৪ দিন পর ধানখেতে মিললো বৃদ্ধের মরদেহ

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
নিখোঁজের ৪ দিন পর ধানখেতে মিললো বৃদ্ধের মরদেহ
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজের চারদিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। তার এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চারদিন আগে ধানখেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মন্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে ফেরেননি। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। অবশেষে সোমবার সকালে শৈলখালীর একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি মনোরঞ্জন মন্ডলের বলে শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত চারদিন ধরে মনোরঞ্জন মন্ডল নিখোঁজ ছিলেন। আজ সকালে শৈলখালী মাঠের একটি ধানখেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ​পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।

তিনি আরও বলেন, পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এফআর/