শিরোনাম

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
অভিযুক্ত ছিনতাইকারী।

সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইমন আচার্য্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০ এবং তিনি দীর্ঘদিন ধরে র‍্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় এক ছিনতাইকারীকে ধাওয়া করে কোতোয়ালি থানা পুলিশের একটি দল। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে ওই এলাকায় ছিলেন র‌্যাব সদস্য ইমন আচার্য। ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখে তাকে ধরার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হলে ছুরি দিয়ে ইমন আচার্য্যের বুকের বাম পাশে আঘাত করে ওই ছিনতাইকারী।

গুরুতর অবস্থায় দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান ইমন আচার্য্য।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ছিনতাইকারীকে ধাওয়া করে ধরার পরপরই ইমন আচার্য্যকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্ত করণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

/এফআর/