সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নিহত বদরুল আলম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বদরুল আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা তার সঙ্গে থাকা সাদেক হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

আহত সাদেক হোসেনের ভাষ্য অনুযায়ী, গতকাল শনিবার রাতে তিনি ও বদরুল আলম স্থানীয় মনরতল বাজার থেকে মোটরসাইকেলে করে হাদারপারে বাড়ির উদ্দেশে রওনা হন। তাদের সঙ্গে ৩০ লাখ টাকা ছিল। ভোরের দিকে গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করে। এ সময় হামলাকারীরা টাকা, মুঠোফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাদের ওপর দা, চাকু ও ছুলফিসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই বদরুলের মৃত্যু হয়।

সাদেকের দাবি, হামলায় স্থানীয় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫) ও সুহিন আহমদ (২৩) এবং উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদ দারের ছেলে নোমান আহমদ জড়িত ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয় লোকজন বদরুলের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা একাধিক ব্যক্তির নাম বলেছেন। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে এবং কারা সম্পৃক্ত তা এখনও জানা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/