শিরোনাম

পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুলিশ লাইনস, বগুড়া।

বগুড়া পুলিশ লাইনসের ভেতর থেকে মো. আরিফুল ইসলাম (৩৮) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এএসআই আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি বগুড়া জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত ছিলেন। তার বিপি নম্বর-৮৮০৭১২৭৪৮৫।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এএসআই আরিফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া পুলিশ লাইনসের ভেতর বেতার শাখার ভবনের দোতলায় অন্য পুলিশ সদস্যদের সঙ্গে থাকতেন আরিফুল। শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন সহকর্মীরা। একপর্যায়ে ভবনের পাশের একটি ওয়ার্কশপ কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়।

খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে নিচে নামানো হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে এএসআই আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করা হচ্ছে।’

/এফআর/