সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সুনামগঞ্জের তাহিরপুরে ৩ সন্তানসহ বিষপান করেছেন বাবা। এ ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর অবস্থায় তাদের বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার বাদাঘাট বাজারে লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। এই তিন শিশু হলো, তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার, তামিম মিয়া ও শামীম মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সরাফত আলী তার তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করতে পারেন। আজ সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনেরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩ শিশুকে মৃত ঘোষণা করেন।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে চিকিৎসক ৩ শিশুকে মৃত ঘোষণা করার পর সরাফত আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

উত্তর বড়দল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এমদাদুল হক বলেন, বিষপানে তিন শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কী কারণে সরাফত আলী সন্তানদের নিয়ে বিষপান করেছেন, তা জানি না। তার স্ত্রী দেশের বাইরে থাকেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এসআর/