শিরোনাম

সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জের হাওরাঞ্চলে আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার (১ মে) বিকেলে হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আগামী ৭ দিনের দিনের পূর্বাভাস অনুযায়ী, ১ মে থেকে ৩ মে পর্যন্ত সুনামগঞ্জ ও সুনামগঞ্জের উজানে মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ৪ দিনে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত হলে সুনামগঞ্জে আগাম বন্যা হতে পারে।

তারা আরোও জানান, হাওরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সুনামগঞ্জ এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ইতোমধ্যে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অনেক হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরের বাঁধগুলো নিয়ে ঝুঁকিতে আছি। হাওরের বাঁধগুলো ডুবন্ত বাঁধ। এগুলো হয়তো বিপৎসীমা অতিক্রম না করার আগেই ঝুঁকিপূর্ণ অবস্থার তৈরি হতে পারে। ১৭-১৮ কিলোমিটার বাঁধের পানি আটকানোর ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। যে কোনো সময় বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে।

এমন পরিস্থতিতে চরম সংকটে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকট ও যন্ত্রপাতির অভাবে সময়মতো ধান কাটা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তারা।

কৃষকদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে চলতি মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।

/এসবি/