খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন
আগুনে পোড়া বিআরটিসির বাস

খাগড়াছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে জেলার মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তারা পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, গাড়ি চালকের সহকারী বাসের ভেতরে ঘুমাচ্ছিল। ভোর ৪টার কিছু সময় আগে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। তবে ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে তাকে আগুন লাগার খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, বাসটিতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এসময় বাসের হেলপার গাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ অতিরিক্ত গরম অনুভব হওয়ায় তার ঘুম ভেঙে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

/জেএইচ/