বিচারকের ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিচারকের ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
আদালতে আসামি লিমন মিয়া

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) ছুরিকাঘাতে হত্যার দায়ে লিমন মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছে, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। এর আগে, এ ধরনের হুমকির ঘটনা কোথাও ঘটেনি। বিচারকের স্ত্রীর নিকট থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়াকে কেন্দ্র এই হত্যাকাণ্ড ঘটেছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ বলেন, আমরা রায়ের বিপক্ষে আপিল করবো।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় আসামি লিমনের হামলায় তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান (সুমন) নিহত হয়। ছুরিকাঘাতে বিচারকের স্ত্রীও আহত হন। ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে দেওয়া হয় অভিযোগপত্র। বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়।

/এসবি/