শিরোনাম

প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন তরুণী

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড় সংবাদদাতা
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন তরুণী
পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাহিমিন মারিয়া এলিন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ঘিরে একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে অপপ্রচার চালানো হয়েছে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক তরুণী।

তিনি জানিয়েছেন, ভাইরাল ভিডিওর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাহিমিন মারিয়া এলিন বক্তব্যে এসব অভিযোগ করেন।

তিনি বলেন, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

তার দাবি, একটি রেস্টুরেন্টে একটি সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনা করার সময় প্রতিমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিওর সঙ্গে সেই ছবিটি জুড়ে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে ভিন্ন পরিচয় দিয়ে প্রচার করা হয়।

সংবাদ সম্মেলনে রাহিমিন মারিয়া এলিন বলেন, ভাইরাল ভিডিওর নারী তিনি নন এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। অথচ তাকে কখনো ভিন্ন ধর্মের, আবার কখনো ভিন্ন পরিচয়ের ব্যক্তি হিসেবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে তার ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েকদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবিটি পোস্ট করেছিলেন। পরে বিষয়টি ভিন্নভাবে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় ছবিটি মুছে ফেলেন। কিন্তু এর আগেই কেউ ছবিটি সংরক্ষণ করে অপপ্রচারে ব্যবহার করে।

তিনি বলেন, এই ঘটনার কারণে তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সংকোচ বোধ করছেন। তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এসআর/