বাড়ছে শীতের তীব্রতা, পঞ্চগড়ে ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড় সংবাদদাতা
বাড়ছে শীতের তীব্রতা, পঞ্চগড়ে ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা
কুয়াশাভেজা রাস্তায় সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি

শীত আসার আগেই হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েকদিন ধরে জেলাটিতে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিলো। তবে আজ তা নেমে এসেছে ১৬ ডিগ্রির ঘরে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

গতকাল একই সময়ে জেলার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

সকাল হলেই সেখানে সূর্যের দেখা পাওয়া যায়। দিনভর প্রখর রোদ থাকে। তবে সন্ধ্যা হওয়ার পরপরই পাল্টে যায় দৃশ্যপট। বাড়তে শুরু করে শীত অনুভূতি। রাতে কুয়াশার পর ভোর পর্যন্ত ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই শীত বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে উত্তরী বাতাসে শীত অনুভূতি আরও তীব্র হয়। তবে রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আবার কমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

/জেএইচ/