ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষক আটক

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষক আটক
পাবনায় ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয়রা

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২৩ অক্টোবর) মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন আবু ইউসুফ এমন খবরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাদ্রাসার শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, একটি একতলা বাড়ি ভাড়া নিয়ে আবাসিক মহিলা মাদ্রাসাটি চালু করেন আবু ইউসুফ। মাদ্রাসার একটি কক্ষে ছাত্রীরা থাকতেন। পাশের একটি কক্ষে থাকতেন আবু ইউসুফ।

মাদ্রাসায় ভাঙচুর ও আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষক এবং ভুক্তভোগী ছাত্রী উভয়ই পুলিশ হেফাজতে আছেন।

পাবনা পুলিশ সুপার আলী আশ্রাফ জানান, ‘অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসার অন্য ছাত্রীদের নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদ্রাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।’

এ ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/টিই/