রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের শেষ চালান

পাবনা সংবাদদাতা
পাবনা সংবাদদাতা
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের শেষ চালান
ইউরেনিয়াম বহনকারী একটি লরি

পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্পে নেওয়া হয়। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য নির্ধারিত ৯টি চালানে পারমাণবিক জ্বালানি আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দুটি ইউনিটের জন্য মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানির পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য দুইটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি চালান নির্ধারিত ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। শেষ চালান পৌঁছানোর মাধ্যমে এই আমদানি কার্যক্রমের সমাপ্তি ঘটলো।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

জ্বালানি আমদানির কার্যক্রম শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কাজও এগিয়ে চলছে। গত ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে ৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। প্রথম পর্যায়ের পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছিল।

এরপর গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হয় ।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এই সময়ের পর রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব বুঝে নেবে। পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

/এফসি/