শিরোনাম

পাবনায় ৫ দিন ধরে নিখোঁজ শিশু কলি, উদ্ধারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় ৫ দিন ধরে নিখোঁজ শিশু কলি, উদ্ধারের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে নিখোঁজ কলির স্বজন ও গ্রামবাসীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পাবনায় নিখোঁজের পাঁচদিন পরও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু কামরুন্নাহার কলির। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও গ্রামবাসীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন নিখোঁজ শিশুটির স্বজন ও স্থানীয়রা।

নিখোঁজ কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলুনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকালে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়ি ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশের দিকে যায় সে। তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও কলি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরিহিত স্যান্ডেল পাওয়া যায়। পরে এ ঘটনায় তার বাবা পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচ দিন পেরিয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে কামরুন্নাহার কলিকে উদ্ধার এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশুটির নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এফআর/