পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
দোগাছি বাজার এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ। ছবি: সিটিজেন জার্নাল

পাবনা সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার দোগাছি বাজার এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।

তিনি বলেন, গেল রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইনবোর্ডে আগুল জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাই গ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশেও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আসাদুজ্জামান আরও বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

/এফআর/