অর্থ আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
 অর্থ আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড
পাবনা জজ আদালত। ছবি: সিটিজেন জার্নাল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের এক সাবেক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাহ্উদ্দিন খাঁ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন।

দুদকের বিশেষ আইনজীবী অ্যাডভোকেট মলয় কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার নাম সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। তিনি গ্রামীণ ব্যাংক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক।

রায় ঘোষণার সময় মামুন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গ্রামীণ ব্যাংকের শুদ্রঘাট শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে সৈয়দ আব্দুল্লাহ আল মামুন ও সৈয়দ নজরুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক হিসেবে আনোয়ার হোসেন দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত তাঁরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও ভুয়া ঋণ বিতরণের তথ্য দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তি হিসেবে আদায় করা টাকা কালেকশন শিটে অন্তর্ভুক্ত না করে ব্যাংকে জমা না দিয়েই আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পাবনার তৎকালীন উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সিরাজগঞ্জের কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান।

দীর্ঘ শুনানি, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী।

/এফআর/