ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা

নাটোরের সিংড়া উপজেলায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাছলাড়ুয়া ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ ওঠে। দফায় দফায় চলা এ সংঘর্ষে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হত।

আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/