শিরোনাম

মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সংঘর্ষ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির।

পুলিশ জানায়, বেলা ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারে বের হন। এসময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দেওয়ায় অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলছে।

/এসআর/