প্রকল্পে দুর্নীতি বন্ধে কাজ করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকল্পে দুর্নীতি বন্ধে কাজ করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, প্রকল্পের সময় বাড়লে ব্যয়ও বাড়ে। এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয়। তাই প্রকল্প নির্ধারিত সময়ে, সাশ্রয়ী ব্যয়ে ও যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি টাকার হিসাব থাকতে হবে এবং প্রকল্পের সুফল যেন মানুষ প্রকৃত অর্থে পান, তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাষীয়ালি-কৃষ্টপুর এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের কোনো অঞ্চল উন্নয়ন থেকে বাদ যাবে না জানিয়ে প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করা সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। দেশের কোনো অঞ্চল উন্নয়ন থেকে বাদ যাবে না। সারাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো সরকারের অঙ্গীকার।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হবে। এতে কোনো দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব যোগ্য ব্যক্তি এসব সুবিধার আওতায় আসবেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জেও পরিবর্তন আসবে।

নিরাপদ পানি সবার জন্য নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, সারাদেশে নিরাপদ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় প্রকল্প পরিদর্শন করা হবে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সরকারের নীতি। নদী, নালা ও বৃষ্টির পানি যাতে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে।

এ সময় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হানিফ, উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/