শিরোনাম

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

নিহতরা হলেন– মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) ও তাদের ৮ মাস বয়সী সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ এলাকায় একটি বাসায় দীর্ঘ ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালিপ্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। গতকাল (রবিবার) বিকালে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিন্ময় দাস, তার স্ত্রী ও ৮ মাসের সন্তান। রাতে তাদেরকে একটি কক্ষে রাখা হয়। পাসের কক্ষে ছিলেন মিষ্টি বাড়ৈ। মধ্যরাতে হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে হট্টগোল টের পেয়ে তিনি পুলিশকে কল করেন। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। পাশেই পড়ে ছিল শিশুর নিথর দেহ।

ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ দেখতে পায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিতে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/জেএইচ/