কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ আরোহী নিহত

কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ আরোহী নিহত
দুর্ঘটনাকবলিত ট্রাক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মালবাহী ট্রাকচাপায় ইজিবাইকের আরোহী একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (২৬), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)। এছাড়া, এ ঘটনায় যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) নিহত হয়েছেন। তবে নিহত অটোরিকশা চালকের নাম–পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, নিহত ইজিবাইক চালক পাঁচ যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে রৌমারীতে আসছিলেন। পথে সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় অন্য তিন যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

আহত বৃষ্টিকে (২৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিহত শরিফা বেগমের মেয়ে।

রাজিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ফায়ার অফিসার আবু হানিফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। পরে হতাহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/