নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোপের মুখে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোপের মুখে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ
মাদ্রাসায় এলাকাবাসীর বিক্ষোভ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদ্রাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারার অভিযোগে রবিবার (৪ অক্টোবর) দিনভর মানববন্ধন ও বিক্ষোভ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগ করেন।

একই সময় নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর ওপরও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে ল্যাব সহকারী, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী এবং আয়াসহ চারটি পদে নিয়োগের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ তৈরি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারার অভিযোগ তুলে রবিবার সকাল থেকে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী।

বিক্ষোভ চলাকালে তারা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একপর্যায়ে বিক্ষোভকারীরা নিয়োগ বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগ তুলে মাদ্রাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে তাদের চাপের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্র জমা দেন।

তবে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান।

তিনি জানান, এর আগেও তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মাদ্রাসার কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ঘটনায় মাদ্রাসাটিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

/এফআর/