শিরোনাম

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষি অফিসারকে অবরুদ্ধ

কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে সারের দাবিতে কৃষি অফিসারকে অবরুদ্ধ
সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বারকে অবরুদ্ধ করেন তারা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদামে সার বিতরণ করা শুরু করলে সার নিতে বিপুলসংখ্যক কৃষক সেখানে সমবেত হয়। সার না পাওযার আশঙ্কায় খোলা বাজারে সার বিক্রি করার দাবিতে কিছুসংখ্যক উত্তেজিত কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোলা বাজারে সার বিক্রির প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে উপস্থিত কৃষকদের মাঝে ৩৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ১৫৭ বস্তা এমওপি সার বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, সোমবার সোনাহাট ইউনিয়নের চার ওয়ার্ডের কৃষকদেরে মাঝে সার বিতরণ করার কথা ছিল। তবে ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক কৃষক সেখানে উপস্থিত হয়। চাহিদামতো সার না পাওয়ায় তারা উত্তেজিত হয়ে আমাকে ঘিরে ধরে এবং সড়ক অবরোধ করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, জেলায় পর্যাপ্ত সার আছে। তবে আগাম ভুট্টা ও বেগুন চাষের জন্য কৃষকেরা বাড়তি সার মজুত করায় কোথাও কোথাও সাময়িক সংকট তৈরি হচ্ছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সার নিয়ে প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো ইউনিয়নে কৃষকেরা বিক্ষোভ করছেন। কোথাও কোথাও সড়ক অবরোধও করছেন। এসব পরিস্থিতি সামাল দিতে পুলিশকে প্রতিদিনই যেতে হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষি বিভাগ পর্যাপ্ত সার থাকার কথা বলছে। অথচ কৃষকরা চাহিদামতো সার পাচ্ছে না। এজন্য তারা বিক্ষোভ করছেন। তবে কৃষি বিভাগ ও কৃষকদের মধ্যে সমন্বয় হলে সমস্যা কমতো বলে জানান তিনি।

এর আগে ২৩ আগস্ট ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে এক ডিলারের গুদামের বেড়া ভেঙে ২২৫ বস্তা সার নিয়ে যান কৃষকেরা। পরে প্রশাসনের আশ্বাসে ১১৫ বস্তা সার ফেরত দেন।

/জেএইচ/