জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জলমহালের ভোগদখল নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের অনুসারীরা। কয়েক ঘণ্টাব্যাপী থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অভিযোগ, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। এবারও সর্বোচ্চ দরদাতা তিনি। তবে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ বিভিন্নভাবে এতে বাধা দিচ্ছেন।

জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

শাহিন দাবি, আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি লুটপাটের জন্য স্থানীয় সাধারণ মানুষকে উসকে দিচ্ছেন সাঈদ আহমদ। আর আজ নিজের অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন শাহিন।

তবে এসব অভিযোগ অস্বীকার উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ বলেন, শাহিনের অনুসারিরাই প্রথমে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/