শিরোনাম

প্রস্তুত শোলাকিয়া, ঈদুল ফিতরের জামাত সকাল ১০টায়

কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রস্তুত শোলাকিয়া, ঈদুল ফিতরের জামাত সকাল ১০টায়
শোলাকিয়া ঈদগাহ মাঠ। ছবি: সিটিজেন জার্নাল

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। ঐতিহ্যবাহী এ মাঠে প্রতিবারই জেলা ছাড়াও সারাদেশ থেকে কয়েক লাখ মুসুল্লি ঈদের জামাতে অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ জামাতের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা গেছে, সবশেষ রং তুলির আঁচড়ে ছুঁয়ে যাচ্ছে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর। নামাজের সময় মুসুল্লিদের কাতার সোজা করার জন্য দাগ কাটাও হয়েছে।

এ মাঠে ঈদের একটি মাত্র জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এবারের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বংশ পরম্পরায় এখানে নামাজ পড়েন দেশের বিভিন্ন জেলার মুসুল্লিরা।

শোলাকিয়া ২

শোলাকিয়ার বাসিন্দা রহমত আলী বলেন, শোলাকিয়া মাঠে লাখ লাখ মানুষের সঙ্গে নামাজ পড়লে কোন এক জনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমিও সওয়াব পাবো। তাছাড়া, এখানে ঈদের নামাজ পড়লে মনে শান্তি আসে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, শোলাকিয়া মাঠে মুসুল্লিদের জন্য চার স্তরের নিরাপত্তা থাকবে। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য ৬টি ওয়াচ টাওয়ার, ৪টি ড্রোন ক্যামেরা ও ৬৪টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, সাদা পোশাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিসহ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জেলা শহরসহ ঈদগাহ মাঠ।

র‌্যাব ১

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, দূর-দূরান্তের মুসুল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদগাহে আগত মুসুল্লিদের জন্য সব প্রকার সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে প্রথম ঈদুল ফিতরের জামাতে এ মাঠে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়ালাকিয়া’। যা এখন শোলাকিয়া নামে পরিচিত।

/এসআর/