শিরোনাম

সিলেটে দুর্ঘটনায় নিহত বাউলশিল্পী পেহেলি ভৈরবী সম্পর্কে যা জানা গেলো

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
সিলেটে দুর্ঘটনায় নিহত বাউলশিল্পী পেহেলি ভৈরবী সম্পর্কে যা জানা গেলো
বাউলশিল্পী পেহেলি ভৈরবী

উদীয়মান বাউল ও লোকশিল্পী পেহেলি ভৈরবী সিলেটে গিয়েছিলেন বৈরাগী বাজারের হজরত ছাবাল শাহ্ (রহ.) এর মাজারের বার্ষিক ওরসে গান পরিবেশনের জন্য। সেখানে গানে ভক্তদের মাতালেও, জীবিত বাড়ি ফেরা হলো না পেহেলি ভৈরবীর।

শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আরও ৮ জনের সঙ্গে পেহেলি ভৈরবী (২০ বছর) নিহত হয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়ায়।

বিকালে পেহেলি ভৈরবীর লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ির সড়কে এসে থামলে মুহূর্তেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীরা ছুটে আসেন।

একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘মেয়েটা সুন্দর গান করতো। বেঁচে থাকলে আরও অনেক মানুষকে গান শোনাতে পারতো।’

পেহেলি ভৈরবীর মা রোজিনা বেগম নিজেও একজন সংগীতশিল্পী। তিনিই ছিলেন মেয়ের প্রথম গানের শিক্ষক।

স্বজনরা জানান পেহেলি ভৈরবীর প্রকৃত নাম ইসরাত জাহান। তবে পেহেলি ভৈরবী নামেই তিনি পরিচিত। তার ফেসবুক পেজটিও এই নামে। ফলোয়ার সংখ্যা অর্ধলক্ষাধিক।

পেহেলির বাবা বাবুল মিয়া পেশায় ঠিকাদার। এক ভাই ও এক বোনের মধ্যে পেহেলি ছিলেন ছোট।

অল্প সময়েই সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে পরিচিত মুখ হয়ে ওঠেন পেহেলি ভৈরবী।

ইউটিউবে বিভিন্ন চ্যানেলে পেহেলি ভৈরবীর গান প্রকাশিত হয়েছে। কয়েকটি গানের দর্শকসংখ্যা মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়েছে।

পেহেলির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার বাড়ি ছুটে আসেন সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা।

/টিই/