খুলনায় আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
খুলনায় আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
বিএনপি নেতার বাড়িতে গুলি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি ভুক্তভোগীর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে খুলনা সদর থানাধীন টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে খুলনার টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামিয়া রোডে আওয়ামী লীগের একটি মিছিল থেকে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর এবং বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন।

ভুক্তভোগী মঞ্জুরুল আলম জানান, ঘটনার সময় তিনি বাসায় শুয়ে ছিলেন। বাইরে ‘জয় বাংলা’ স্লোগান শুনে বারান্দায় গিয়ে দেখতে চাইলে মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যাওয়ার নির্দেশ দেন। এরপর বাসার ভেতরে ঢোকার সময় তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/