রাস্তায় পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের লাশ

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
রাস্তায় পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের লাশ
ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে পুলিশ

খুলনায় তুষার নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছুদূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত তুষার ‘সন্ত্রাসী পলাশ গ্রুপ’-এর সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। সে নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরবর্তীতে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

/এফআর/