শিরোনাম

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে খুব একটা ক্ষতি হয়নি বলে জানায় পুলিশ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ভিডিও প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে প্লাস্টিকের বোতল দিয়ে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা বলেন, রাত সাড়ে ৯টার দিকে দুইজন যুবক সাংগঠনিক কাজ আছে বলে কলেজে প্রবেশ করে। তার একটু পরেই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জাহিদ হাসান এ ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক কর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, রাতে বেশ বৃষ্টি ছিল। তার মধ্যে রাতের কোন এক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার এ ঘটনায় মামলা করা হবে।

/এসআর/