হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
শেখ হাসিনা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় শেখ হাসিনাসহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান জানান, কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পৃথক অভিযান চালিয়ে এরইমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ থেকে ২০ জনকে ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়।

পুলিশের দাবি, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৮টি লাঠি জব্দ করে, যা মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে।

/এফসি/