শিরোনাম

পুলিশ আবারও আওয়ামী কায়দায় নগ্ন রূপে ফিরে গেছে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
পুলিশ আবারও আওয়ামী কায়দায় নগ্ন রূপে ফিরে গেছে: হাসনাত আবদুল্লাহ
যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ (ছবি: সংগৃহীত)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটা টেস্ট ম্যাচ শুক্রবার ঢাকায় দেখতে পেয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে ফিরে গেছে।’

যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ কথা বলেন।

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে হাসানাত বলেন, আপনি যে পোশাক পরিধান করে আছেন, সেটি আপনার যোগ্যতা, মেধায় অর্জন করেছেন। আপনাকে অনুরোধ করবো, আপনার বাসায় সন্তান রয়েছে। আপনার মা-বাবা রয়েছে। আপনি যদি বিগত তিনটি নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নিবেন, আগামীর বাংলাদেশ, সন্তানের ভবিষৎ চাঁদাবাজদের হাতে তুলে দেবেন নাকি ইনসাফের বাংলাদেশে দেবেন।

পুলিশদের উদ্দেশ্য করে এনসিপির এই নেতা আরও বলেন, ‘আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। কোনো রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে কি পরিণতি হয়, সেটি গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন। কোনো রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকেই ঘুষ দিতে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মুহা. নুরুজ্জামান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী আব্দুল কাদের। পথসভা শেষে নেতারা যশোর শহরে মিছিল বের করেন।

/বিবি/