শিরোনাম

কোটি টাকা প্রতারণা মামলায় ফেরারি আসামি গ্রেপ্তার

জামালপুর সংবাদদাতা
জামালপুর সংবাদদাতা
কোটি টাকা প্রতারণা মামলায় ফেরারি আসামি গ্রেপ্তার
জুয়েল শেখ

কোটি টাকা প্রতারণা মামলার ফেরারি আসামিকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে জামালপুর সদর থানার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ছিলো।

গ্রেপ্তার ব্যক্তি হলেন- জুয়েল শেখ। সে পৌর শহরের পশ্চিম নাছিমপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের জঙ্গলপাড়ার বোর্ড ঘর এলাকায় ‘ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে জুয়েল শেখ। অনেক ব্যক্তিকে সমিতির সদস্য করেন। অধিক মুনাফার প্রলোভন দিয়ে সদস্যদের কাছ থেকে এক কোটি টাকার আমানত সংগ্রহ করেন। এরপর নিজে গা ঢাকা দেয়।

ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সদস্য, সাবেক বিজিবি বগালী শরীফপুর গ্রামের বাসিন্দা মামুন মিয়া বলেন, আমার জামানতের পরিমাণ ৬ লাখ টাকা। অন্য গ্রাহকদের সমিমিতে আমানত আছে প্রায় এক কোটি টাকা। বেশ কয়েকজন গ্রাহককে সে চেক দেয়। কিন্তু তার হিসাব নাম্বারে কোন টাকা নাই। ব্যাংক চেক ডিজওনার করে। কোন উপায় না পেয়ে আমি আদালতে মামলা করেছি। হাজিরা না দেওয়ায় আদালত জুয়েল শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে।

মিজানুর রহমান নামে সমিতির একজন গ্রাহক বলেন, আমার কাছ থেকেও জুয়েল ৪ লাখ টাকা আমানত নিয়েছে। আমি তার বিরুদ্ধে মামলা করেছি।

আসামি জুয়েল শেখের স্ত্রী আমিনা বেগম বলেন, মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি করা হচ্ছে। টাকা আত্মসাতের ঘটনা সঠিক নয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।

/এসআর/