হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,  দুর্ভোগে যাত্রীরা
ধর্মঘটের কারণে হবিগঞ্জ টার্মিনাল ছাড়ছে না বাস

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস আটক এবং শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা মোটর মালিক গ্রুপ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলা সহ জেলার সকল অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানে তাদের ৩টি গাড়ি নিজেদের কার্যালয়ের সামনে নিয়ে আটকে রাখা হয়েছে। এমন পরিস্থিততে ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এদিকে, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

/এসবি/