টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় তার বাসভবনে এসব ঘটনা ঘটে।

এর আগে, এদিন দুপুরের পর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে বিকালে উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ছাড়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়।

পুলিশের এসআইকে কুপিয়ে জখম

অন্যদিকে, রবিবার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

আহত মোসলেম আলী টুঙ্গিপাড়া থানায় কর্মরত।

মামলার বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই মোসলেম আলী। তবে কারা এবং কী কারণে মোসলেম আলীর ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

/এফআর/