গোপালগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম শেখ

ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম শেখ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, প্রায় এক বছর আগে উপজেলা জামায়াতের পক্ষ থেকে আমাকে কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিলো। তবে ব্যক্তিগত কারণে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে না পারায় তিন মাস আগেই আমি দায়িত্বশীল নেতাদের কাছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলাম।

তিনি বলেন, এর আগে মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানানো হলেও এলাকার সাধারণ মানুষ তা জানতে পারেননি। এ কারণে সবার অবগতির জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছি। আজ থেকে আমি আর কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্বে থাকছি না।

পদত্যাগের বিষয়ে কোনো ধরনের চাপ বা ভয়ভীতির অভিযোগ নাকচ করে আবুল কালাম শেখ বলেন, সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত ও বিবেচনা থেকেই আমি দলীয় দায়িত্ব ছেড়েছি। এর পেছনে কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব নেই। দায়িত্বে থেকে সংগঠনের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না বলেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

/এসবি/