শিরোনাম

বাকির টাকা চাওয়ায় দোকানে হামলা-গুলি

গাজীপুর সংবাদদাতা
বাকির টাকা চাওয়ায় দোকানে হামলা-গুলি
ছবি: সংগৃহীত

বাকিতে দেওয়া পণ্যের টাকা চাওয়াকে কেন্দ্র করে গাজীপুরের একটি দোকানে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন– কামাল ফকির, সিয়াম, শাহিন, শান্ত ও শ্যামল।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে হামলা চালানো হয়।

দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভান্ডারি ও তার ভাই মামুন দীর্ঘদিন ধরে দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। গত শনিবার তারা ৭২ হাজার টাকার পণ্য নেন এবং এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা মঙ্গলবার দেওয়ার কথা ছিল।

ফয়সালের অভিযোগ, টাকা চাইলে অভিযুক্তরা প্রথমে কর্মচারীদের মারধর করেন। পরে রাতে ৩০ থেকে ৪০ জনকে নিয়ে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফসি/