গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ২

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ২
গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে তাদের ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একদল যুবক রেলওয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাচ্ছেন। এ সময় ফাঁড়িতে ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনাতেও হামলা করা হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশ ফাঁড়িতে এমন সশস্ত্র হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

/টিই/