গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড’ নামের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ওই কারখানার ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে এই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড’ নামের ওষুধ কারখানাটির অবস্থান। কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট এতে যুক্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

/এফআর/