শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার তৌফিকের মৃত্যু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার তৌফিকের মৃত্যু
মৃত তৌফিক মিয়া

গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হওয়া তৌফিক মিয়া (২০) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকার গাজীপুরের বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন।

তৌফিকের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন তাঁর বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার। তিনি জানান, তৌফিক মেধাবী শিক্ষার্থী ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট দূর করতে তিনি ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ শুরু করেন। মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি হামলার শিকার হন।

প্রদীপ কুমার আরও বলেন, তৌফিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তাঁরা জানতে পেরেছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে থাকা অবস্থায় তাঁর মৃত্যুর খবর পান। রাত ১১টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে গাজীপুরের বাংলাবাজার এলাকায় থাকতেন তৌফিক। সেখানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলা আন্দোলনে অংশ নেন তিনি। একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ ও হামলার দৃশ্য মুঠোফোনে ধারণের চেষ্টা করলে হামলাকারীরা তৌফিকের ওপর চড়াও হন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে সহকর্মী শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।