গাজীপুরে আজও সড়ক অবরোধ, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে আজও সড়ক অবরোধ, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন। গণমাধ্যমকে তিনি বলেন, সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

/এফআর/