গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টা‌ঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মাহসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে তীব্র যানজটে দেখা যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গাজীপুরের চন্দ্রায় ডিভাইন ও ইন্টার স্টপ কারাখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে সড়ক অবরোধ করতে যায়। তবে পুলিথ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গাজীপুরে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এসব তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে, ঢাকার আশুলিয়ায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

এর আগে গতকাল সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় এবং গাজীপুরের শিল্পাঞ্চলের চারশর বেশি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এর মধ্যে সাভার ও আশুলিয়া অঞ্চলে ২৬৪টি এবং গাজীপুরে দেড় শতাধিক কারখানায় সোমবারের (২ নভেম্বরের) জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৮টি কারখানায় ভাঙচুরের কথা জানিয়েছে শিল্প পুলিশ।

গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে কয়েকজনকে আটক করা হয়েছে।

/জেএইচ/