শিরোনাম

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
ঝুটের গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন টের পেয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার প্রকৃত কারণও জানা যায়নি।

/জেএইচ/