গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই কারখানার ঝুট গুদামে আগুন

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই কারখানার ঝুট গুদামে আগুন
কারখানার ঝুট গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ‘ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার ঝুট গুদামে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিস রওনা দিলেও মহাসড়কে শ্রমিক আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ থাকায় তাদের বিপাকে পড়তে হয়। পরবর্তীতে বিজিবির পাহারায় উল্টো পথ দিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদের আন্দোলন চলাকালে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের একটি গুদামে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দ্রুত চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। তবে অবরোধের কারণে ঘটনাস্থলে পৌঁছেও আগুন নেভানোর কাজ শুরু করতে বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে রওনা দেয়। তবে শ্রমিক বিক্ষোভের জেরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে ফিরে আসে। পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিজিবির এসকর্ট বা পাহারায় মহাসড়কের উল্টো পথ দিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

/এফআর/