শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা, দাবি শ্রমমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা, দাবি শ্রমমন্ত্রীর
সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পোশাক শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন সাংগঠনিক সম্পাদককে অংশ নিতে দেখা গেছে বলে দাবি করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন হয়।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এদিন সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

আগের দিন শনিবারও মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, গতকাল যে ঘটনাগুলো ঘটলো, তারা চাকরিপ্রার্থী হয়ে ১০-১৫ জন গিয়ে একটা কারখানায় ঢিল ছুঁড়লো। এরা তো শ্রমিকও না। এদিকে শ্রমিক নেতারা, গার্মেন্টসের যত ফেডারেশন আছে তারা আমাদের সঙ্গে বসেছে। তাদের দাবি অনুযায়ী সরকার রবিবার মজুরি বোর্ড ঘোষণা করবে। বলা হলো, শ্রমিক ভাইয়েরা তোমরা কল-কারখানায় থাকো। কিন্তু আজ কী হলো– কয়েকটা কারখানায় অহেতুক ছুটি ঘোষণা করে দেওয়া হলো।

তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে শ্রমিক সেজে আন্দোলনে অংশ নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও প্রকাশ হয়েছে।

সাংবাদিকরা এসময় ছাত্র সংগঠনটির নাম জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন– সেটা তো সোশ্যাল মিডিয়াতেও আছে, আপনারা দেখতে পারেন।

/এফসি/