শিরোনাম

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
হাসপাতালে আহত ব্যক্তি।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই গ্রামের সোহেল মোল্লা, জাহিদুল শেখ, রফিকুল, মিজানুর ও বাবুল হোসেন।

স্থানীয়রা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন মুরাদ মোল্লা। পরে শামা ওবায়েদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তিনি। বদিউজ্জামান পুরোনো বিএনপি নেতা হওয়ায় তিনিও শামা ওবায়েদের পক্ষেই ভোট চান। নির্বাচনের পরে ডাঙ্গি ইউনিয়নে মুরাদ মোল্লা ও পুরোনো বিএনপি নেতা বদিউজ্জামানের সমর্থকরা প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল সামদানী বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরো বলেন, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/