শিরোনাম

এবার আনুষ্ঠানিকতা ছাড়াই ফরিদপুরে বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
এবার আনুষ্ঠানিকতা ছাড়াই ফরিদপুরে বৃক্ষমেলা
সড়কের পাশে বৃক্ষমেলা

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। শহরের ব্রাহ্মসমাজ সড়কের এক পাশে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ।

বৃক্ষমেলা উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও পরবর্তীতে শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার রাতে আয়োজনের যাবতীয় আনুষ্ঠানিকতা স্থগিত করা হয় বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে আমন্ত্রণ না জানানোয় গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয় স্থানীয়রা। তারা আয়োজক প্রতিষ্ঠান জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের কাছে ব্যাখা দাবি করেন।

সংবাদকর্মীরা গতকাল রাতে এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুঠোফোনে ফোন দিলে কোনো সাড়া মেলেনি।

জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ফরিদপুরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সব সময় স্থানীয় সাংসদ সদস্যকে প্রধান অতিথি করে আয়োজন করা হয়। এবারই কোন এক অজ্ঞাত কারণে তার ব্যত্যয় ঘটলো। এ রকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে আমন্ত্রণ না জানানো দুর্ভাগ্যজনক এবং তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টায় বন বিভাগের কর্মকর্তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে দাঁড়িয়ে কয়েকজন আগত অতিথিদের বলেন, কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্যকে কেন এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ৭ দিনব্যাপী বৃক্ষমেলা হবে। সমাপনী দিনে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবারের মেলায় ৩০টি স্টল রয়েছে।

/এসআর/