শিরোনাম

ওঝার ঝাড়ফুঁকের ফাঁদে প্রাণ গেলো কিশোরের

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ওঝার ঝাড়ফুঁকের ফাঁদে প্রাণ গেলো কিশোরের
মো. রাফসান শেখ

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের ছোবলে মো. রাফসান শেখ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সময় মতো হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ করার চেষ্টার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃত নগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাফসান শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে সাপে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ির কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক দিয়ে ভালো করার চেষ্টা করে। কিন্তু রাত ৪টার দিকে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, গত ১৫ দিন আগেও রাফসান শেখকে তাদের পুকুর পাড়ে সাপে কামড় দেয়। তখন ওঝা কানু মিয়াকে এনে ঝাড়ফুঁকের পর সুস্থ হয়। শনিবার রাতে পুনরায় তাকে সাপে কামড় দিলে ওই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত ৪টার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন ডা. সুমন রায় দায়িত্বে ছিলেন। তিনি রোগীর অবস্থা দেখে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু রোগীর পরিবার অ্যান্টিভেনম দিতে রাজি না হলে তাদের সম্মতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

/এসআর/