শিরোনাম

ফরিদপুর-১ আসন

গ্রামে ঘুরে ঘুরে ভোট চাইছেন দোলন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
গ্রামে ঘুরে ঘুরে ভোট চাইছেন দোলন
ভোটারের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। ছবি: সিটিজেন জার্নাল

স্বতন্ত্র প্রার্থী ও সাংবাদিক আরিফুর রহমান দোলন গ্রামে ঘুরে ঘুরে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন। গ্রামগঞ্জের হাটবাজার ও চায়ের দোকানে বসে জাহাজ মার্কায় ভোট চান ভোটারদের কাছে। গ্রামের অলিতে গলিতে গিয়েও তিনি ভোট প্রার্থনা করছেন। সাধারণ ভোটাররা প্রার্থীকে কাছে পেয়ে বেশ সাড়াও দিচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফরিদপুর- ১ আসনের বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের বেশ কয়েকটি হাট-বাজার ও গ্রামে যান তিনি।

এসময় দোলন বলেন, এলাকার মানুষের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া, টেন্ডারবাজি ও মামলা বাণিজ্য রোধে আপনার মূল্যবান ভোটটি জাহাজ প্রতীকে দিন।

গ্রামের গিয়ে ভোট চাওয়া প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন বলেন, আমি সভা-সমাবেশ মিছিল করতে চাই না। আমি ভোটারদের দ্বারে গিয়ে মূল্যবান ভোট ও দোয়া চাচ্ছি।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, আমি মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করতে চাই। আমি চাইবো কোন মানুষ যেন ভোগান্তিতে না পড়েন। বড় রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচন কমিশনের প্রদত্ত আইন সঠিকভাবে মেনে চলছে না। কেউ কেউ পেশি শক্তি ব্যবহার করে ভয়-ভীতি দেখাচ্ছেন ভোটারদের। আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশনের অধীনে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বিষয়টি গুরুত্ব দেবেন।

একই দিনে বিএনপির দলীয় প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলা সদরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান। বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে বোয়ালমারী সদরে বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ভোট চেয়েছেন।

ফরিদপুর-১ আসন বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এখানে রয়েছে প্রায় পাঁচ লাখ ভোটার। আসনটিতে বিএনপি, জামায়াতের পাশাপাশি রয়েছেন স্বতন্ত্র দুই প্রার্থী।

গত জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আরিফ রহমান দোলন ৮৬ হাজার ভোট পেয়েছিলেন।

/এসআর/