শিরোনাম

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সাভার সংবাদদাতা
এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই পৌর এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার লাকুড়িয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার মা লিজা আক্তার প্রবাসী, বাবা নূর হোসেন বরিশালে বসবাস করেন। নাহিদা তার নানীর সঙ্গে ধামরাইয়ে বসবাস করতো।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে নাহিদার নানী দুধ আনার জন্য বাহিরে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে এসে দেখেন নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।

তাকে দ্রুত নয়ার হাটের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে রাত ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআর